২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তান চুরির মামলা: স্কয়ার হাসপাতালের সিইওকে তলব

নবজাতক চুরির অভিযোগে একটি মামলায় রাজধানীর স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও দুই চিকিৎসককে তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 11:35 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবজাতক চুরির অভিযোগে একটি মামলায় রাজধানীর স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও দুই চিকিৎসককে তলব করেছে হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. আজিম উদ্দিন ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির এক রিট আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ রোববার এ আদেশ দেয়। আজিম উদ্দিন ও তার স্ত্রী রওশন আরা ইয়াসমীন তাদের জীবিত সন্তানকে 'চুরি' করে একটি মৃত নবজাতককে হাতে তুলে দেওয়ার অভিযোগে গত ২৬ জুলাই স্কয়ার হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন। এরপর পরিচয় নির্ধারণে আদালতের নির্দেশে এক নবজাতকের লাশ কবর থেকে তুলে নমুনা সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। বিষয়টি খতিয়ে দেখে এক মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রতিবেদন দিতে বলেছে আদালত। স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও দুই চিকিৎসক দেবযানি সানিয়েল ও নার্গিস ফাতেমাকে ২১ অগাস্ট আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। এছাড়া ওই ঘটনা তদন্তে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়েছে আদালত। দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, শেরে বাংলা নগর থানার ওসি, স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা, দুই চিকিৎসক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের জাতীয় উপদেষ্টাকে এর জবাব দিতে হবে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালমা আলী ও ফৌজিয়া করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দায়ের করার মামলায় আজিম উদ্দিন জানিয়েছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় কয়েক মাস আগে তার স্ত্রীর আলট্রাসনোগ্রাম করা হয় ইবনে সিনা হাসপাতালে। মা ও গর্ভের শিশু সুস্থ রয়েছে বলে প্রতিবেদন দেয় তারা। পরে স্কয়ার হাসপাতালে আলট্রাসনোগ্রাম করা হলে সেখানেও একই প্রতিবেদন আসে। কিন্তু স্কয়ার হাসপাতালের আলট্রাসনোগ্রাম বিশেষজ্ঞ ডা. দেবযানি সানিয়েল পরে তাদের জানান, আবারো রওশন আরার আলট্রাসনোগ্রাম করাতে হবে। দ্বিতীয় দফা পরীক্ষার পর রওশন আরার গর্ভের সন্তানের বিভিন্ন সমস্যার কথা বলেন ওই চিকিৎসক। ২২ জুলাই রাতে ডা. নার্গিস ফাতেমা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করান। আজিম উদ্দিনের অভিযোগ, তার স্ত্রী শিশুর কান্নার শব্দ শুনলেও তাকে না দেখিয়ে প্রায় পৌনে দুই ঘণ্টা পর জানানো হয়, তিনি একটি মৃত পুত্র সন্তান প্রসব করেছেন। এরপর তাৎক্ষণিকভাবে মৃতদেহ দেখতে না দেওয়ায় এবং কম্পিউটারের সমস্যার কথা বলে 'ডেথ সার্টিফিকেট' দিতে দেরি করায় সন্দেহ আরো বাড়ে বলে আজিম উদ্দিন জানান। জীবিত নবজাতক চুরির অভিযোগে আজিম উদ্দিন দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করার পর তার আবেদনে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত শিশুটির লাশ তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়। অ্যাডভোকেট ফৌজিয়া করিম জানান, আদালতের নির্দেশে বাবা-মায়ের 'প্রকৃত' পরিচয় নির্ধারণে ওই নবজাতকের লাশ কবর থেকে তুলে নমুনা সংগ্রহ করা হয়েছিল। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ জানিয়েছে, প্রতিবেদন দিতে তাদের অনেক দেরি হবে। এ কারণে সিঙ্গাপুরে ডিএনএ টেস্ট করতে আজিম উদ্দিনকে সহায়তা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগকে নির্দেশ দিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোররডটকম/এসএন/এমএইচসি/এনআইএইচ/আরএ/১৭২৯ ঘ.