চট্টগ্রাম, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকার একটি গার্মেন্টসের লকার ভেঙে ১৫ লাখ চুরি করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতের কোন এক সময় নিউ টেক গার্মেন্টসে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে তিনি আটকৃতদের নাম জানাতে পারেননি।
পুলিশ জানায়, গার্মেন্টসটির মালিক নির্মল কান্তি সেন। তিনি শ্রমিক-কর্মচারীদের বেতন দেয়ার জন্য মোট ৩৫ লাখ টাকা এনে রেখেছিলেন। তবে মালিকের নিজের কক্ষের ড্রয়ারে থাকা বাকি ২০ লাখ টাকা রয়েছে।
আরাফাত জানান, কয়েকদিন আগে কেয়ার নামে একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের মাধ্যমে জুয়েল নামে এক নিরাপত্তা কর্মীকে গার্মেন্টসটিতে নিয়োগ দেওয়া হয়। মালিকপক্ষ ওই নিরাপত্তা কর্মীর পরিচয়, ঠিকানা ও ছবি কিছুই সংরক্ষণ করে নি।
ঘটনার পর থেকে জুয়েলকে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৫২৬ ঘ.
bdnews24