ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোকসঙ্গীত গবেষক ও শিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক মৃদুল কান্তি চক্রবর্তী (৫৭) মারা গেছেন।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সঙ্গীত বিভাগের সভাপতি অধ্যাপক কুহেলী ইসলাম।
তিনি বলেন, সোমবার সকাল পৌনে ৮টার দিকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অধ্যাপক চক্রবর্তী। তিনি ডায়াবেটিসেও আক্রান্ত ছিলেন।
মৃদুল কান্তির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাবি কলাভবনের অপরাজেয় বাংলার সামনে রাখা হবে বলে জানান নাট্যকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু।
এরপরে মরদেহ ল্যাবএইডের হিমাগারে রাখা হবে। মঙ্গলবার সকাল ১০টা থেকে মরদেহ শহীদ মিনার চত্বরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৩০০ ঘ.
bdnews24