২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেহাল সড়ক: বাস বন্ধ ফরিদপুরের

সড়ক মেরামতের দাবিতে ফরিদপুর জেলা সদরের সঙ্গে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বাস চলাচল রোববার থেকে বন্ধ করে দিয়েছে গাড়ির মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 05:20 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ফরিদপুর, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক মেরামতের দাবিতে ফরিদপুর জেলা সদরের সঙ্গে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বাস চলাচল রোববার থেকে বন্ধ করে দিয়েছে গাড়ির মালিকরা। বাস মালিকরা বলছেন, মধুখালীর মাঝকান্দি থেকে বোয়ালমারী উপজেলা হয়ে আলফাডাঙ্গা উপজেলা সদর পর্যন্ত ৩২ কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গত কয়েকদিনের টানাবর্ষণের পরে সড়কটি একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়ছে বলে দাবি করেছেন ফরিদপুর জেলা বাস মালিক গ্র"পের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সিদ্দিকী। তিনি সাংবাদিকদের বলেন, সমিতি থেকে কোনো কর্মসূচি দেওয়া না হলেও মালিকরা নিজ থেকেই বাস চালানো বন্ধ করে দিয়েছেন। পুর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হওয়ায় নসিমন ও করিমনে চেপে জীবনের ঝুঁকি নিয়ে নারী ও শিশুসহ যাত্রীরা যাতায়াত করছেন। ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় বলেন, সড়কটি সংস্কারে পৌনে ১০ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। আবহাওয়া ভালো হলেই কাজ শুরু হবে। সড়ক সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানেই ক্ষোভ-বিক্ষোভ চলছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক মেরামতের দাবিতে গত কয়েকদিন ধরে ১২টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার থেকে ঢাকা-টাঙ্গাইল রুটেও গাড়ি চলাচল বন্ধ হয়েছে। সড়কের এ বিষয় নিয়ে রোববার মন্ত্রিসভার বৈঠকেও আলোচনা হয়েছে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন পর্যাপ্ত অর্থের বরাদ্দ না পাওয়ায় কথা জানালেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যথাযথ তদারকি না হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১১২০ ঘ.