ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীদের সম্মানীর ওপর ১০ শতাংশ হারে ভ্যাট আরোপে ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পীরা।
গত জুলাই মাস থেকে সব শিল্পীর সম্মানীর ওপর ১০ শতাংশ হারে ভ্যাট কেটে রাখছে বেতার ও টেলিভিশন। শিল্পীরা বলছে, কম অর্থ দেওয়ার পর তা থেকে আবার কেটে রাখা যুক্তিযুক্ত নয়।
নাম প্রকাশ না করার শর্তে এক শিল্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমনিতেই শিল্পীদের অনেক কম সম্মানী দেওয়া হয়। অনেক শিল্পী আছে যাদের সম্মানী মাত্র ৫০০ টাকা। এ টাকার ওপরও যদি ১০ শতাংশ ভ্যাট আরোপ করা হয় তাহলে আর কী থাকে?"
এ বিষয়ে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এ বিষয়ে আমাদের কিছু করার নেই।"
বাংলাদেশ বেতারের মহাপরিচালক শামীম চৌধুরীও একই কথা বলেন।
এ বিষয়ে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা খুব খারাপ হয়েছে। সরকারের এ সিদ্ধান্ত আমাদের খুব কষ্ট দিয়েছে। কেননা অনেক শিল্পীর সংসার চলে সম্মানীর টাকায়।"
তিনি অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/পিসি/এমআই/২০৪০ ঘ.
bdnews24