২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চের ধাক্কায় বরিশাল বন্দরের ক্ষতি

লঞ্চের ধাক্কায় বরিশালের নবনির্মিত নৌ-বন্দরের দুটি পন্টুন দুমড়ে-মুচড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

বরিশাল, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লঞ্চের ধাক্কায় বরিশালের নবনির্মিত নৌ-বন্দরের দুটি পন্টুন দুমড়ে-মুচড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। রোববার ভোররাত সাড়ে ৪টায় বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী সুন্দরবন-৮ লঞ্চ পন্টুনের ওপর আছড়ে পড়লে গ্যাংওয়ের ছাউনি ভেঙে যায়। নদীতে পড়ে গেছে পন্টুন রক্ষাকারী দুটি স্প্যাট। আহত হন বন্দরের এক কর্মী। দুর্ঘটনায় আহত পন্টুন স্টাফ দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে পন্টুনের একটি রুমে ঘুমিয়েছিলেন তিনি। সাড়ে ৪টায় দিকে প্রচণ্ড ধাক্কায় খাট থেকে নিচে পরে আহত হন। নতুন পন্টুনের সামনে পুরনো একটি পন্টুন ছিলো। সুন্দরবন নেভিগেশনের সুন্দরবন-৮ লঞ্চটি পুরনো পন্টুনটিতে আঘাত করে। এতে পুরনো পন্টুনটির ৮ ফুট জায়গা দুমড়ে মুচড়ে যায়। প্রায় পাঁচ ফিট জায়গা নিয়ে লঞ্চ বাধার দুটি খুঁটিও উল্টে গেছে। এর পেছনে থাকা নতুন তিনটি পন্টুনের মধ্যে দুটিই নির্দিষ্ট স্থান থেকে সরে গেছে। গ্যাংওয়ে সরে গিয়ে এর ওপরের ছাউনি ভেঙে গেছে। ভেঙেছে একাধিক রিং। এছাড়া গাইডওয়ালও ভেঙে গেছে। প্রত্যক্ষদর্শী শাহজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লঞ্চের গতি স্বাভাবিকের তুলনায় বেশি ছিলো। লঞ্চটি পুরানো পন্টুনে ধাক্কা না দিয়ে নতুন পন্টুনে দিলে তা ডুবে যেত।" বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল নদী বন্দরে তিনটি নতুন পন্টুন রয়েছে। এর মধ্যে টিপি-১৬২ ও টিপি-১৬৩ এর ক্ষয়ক্ষতি হয়েছে। বন্দর কর্মকর্তা কাজী ওয়াকিল নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লঞ্চ কর্তৃপক্ষ ও কর্মচারীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বৈঠকে লঞ্চের মাস্টার আ. সালাম ও মজিবুর রহমান জানান, তারা নদীর চরকাউয়া এলাকা থেকে লঞ্চের গতি কমিয়ে আনার জন্য লঞ্চ পেছনে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গতি কমার বদলে বেড়ে যায় এবং পন্টুনে এসে ধাক্কা লাগে। বন্দর কর্মকর্তা জানান, এঘটনায় এক জন উপ-সচিবকে প্রধান করে মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা সরজমিনে এসে দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নির্ণয় করা হয়েছে বন্দর কর্মকর্তা জানিয়েছেন। লঞ্চের কর্মচারীরা নির্দোষ দাবি করে সুন্দরবন নেভিগেশনের অন্যতম পরিচালক আকতার হোসেন আকিজ জানান, লঞ্চ মেশিনের সাহায্যে চলে। তাই মেশিনের সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯০০ ঘ.