২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাসুদ-মুনীর স্মরণে মন্ত্রিসভায় শোকপ্রস্তাব

তারেক মাসুদ ও আশফাক মুনীরসহ নিহতদের স্মরণে একটি শোকপ্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 08:36 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক মাসুদ ও আশফাক মুনীরসহ নিহতদের স্মরণে একটি শোকপ্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে প্রস্তাবটি গৃহীত হয়। বৈঠকে সড়ক দুর্ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও আশফাক (মিশুক) মুনীরসহ নিহতদের স্মরণে একটি শোকপ্রস্তাব বৈঠকে গৃহীত হয়। শোকপ্রস্তাবে বলা হয়েছে, খ্যাতিনামা সংস্কৃতি ও মিডিয়া কর্মী তারেক মাসুদ ও মিশুক মুনীর আন্তর্জাতিক চলচ্চিত্র ও মিডিয়া অঙ্গনে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় আসীন করেছেন। তাদের অকাল মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও গণমাধ্যম জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। আবুল কালাম আজাদ বলেন, "মন্ত্রিসভা সমগ্র দেশবাসীর সঙ্গে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সড়ক দুর্ঘটনায় নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করেছে এবং নিহতদের পরিবারের শোক সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।" শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জোখা এলাকায় সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও টেলিভিশন স্টেশন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক মুনীরসহ পাঁচ জন মারা যায়। বৈঠকে 'বাংলাদেশ পানি আইন-২০১১' উত্থাপিত হলেও আরো সংশোধন করে পরবর্তীতে উত্থাপন করার জন্য ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নসের ৩৬তম বার্ষিক সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণ ও অর্থমন্ত্রীর সৌদি আরব ভ্রমণের বিষয়ে এবং ২১ ও ২২ জুন ভিয়েনায় জ্বালানি ও পরিবেশবাদী শিল্প বিষয়ক মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে শিল্পমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে মন্ত্রিসভাকে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/পিডি/১৬২৭ ঘ.