নোয়াখালী, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জে মিলনকে পিটিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে আরো তিন যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
জাফর ইকবাল (৩০) ও হারুন-অর-রশিদকে (৩০) বোরবার ভোরে এবং আব্দুল খালেককে (৩৪) দুপুর বেলা গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তা বিল্লাল হোসেন।
রোববার তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের গোয়েন্দা পুলিশের জেলা সদর কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের ভ্যান থেকে নামিয়ে দেওয়ার পর জনতা মিলনকে পিটিয়ে হত্যার সময় মোবাইল সেটে ধারণ করা ভিডিওচিত্র থেকে তিন যুবককে সনাক্ত করা হয় বলে জানান বিল্লাল হোসেন।
তিনি জানান, আটক তিন যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ডাকাত সন্দেহে পুলিশের গণপিটুনিতে গত ২৭ জুলাই কোম্পানীগঞ্জের চরকাঁকড়া গ্রামের টেকের বাজারে মিলনকে হত্যার ঘটনায় তার মা কহিনুর বেগম বাদী হয়ে ৩ অগাস্ট আদালতে একটি মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে ৮ অগাস্ট মামলাটি কোম্পানীগঞ্জ থানায় নথিভুক্ত করা হয়। মামলাটি বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখায় (ডিবিতে) স্থানান্তর করা হয়।
শনিবার ভোররাতে শাহ আলম (২৮) নামে আরেক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি মিলন হত্যায় সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে জানিয়েছে ডিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৩০৭ ঘ.
bdnews24