২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে প্রতিপক্ষের হামলায় নিহত এক

রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রতিপক্ষের হামলায় ময়েনউদ্দিন মন্ডল (৬০) নামে এক কাঠমিস্ত্রী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 06:28 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

রাজবাড়ী, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রতিপক্ষের হামলায় ময়েনউদ্দিন মন্ডল (৬০) নামে এক কাঠমিস্ত্রী মারা গেছেন। এসময় তার দুই ছেলে আহত হয়েছেন। আহতরা হলেন- নিহত ময়েনউদ্দিন মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক মন্ডল (৩৫) ও আতিয়ার রহমান (৪৫)। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার রাতে মাঝবাড়ী ইউনিয়নের চরকুলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আতিয়ার হাসপাতালে সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরেই এলাকার আওয়ামী লীগ নেতা ও স্থানীয় চরকুলটিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আশরাফ হোসেনের সঙ্গে তার ভাই রাজ্জাকের রাজনৈতিক বিরোধ ছিলো। রাজ্জাক গত ইউপি নির্বাচনে সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় এ বিরোধ চরমে উঠে। আতিয়ার দাবি করেন, এর জের ধরেই শুক্রবার সন্ধ্যায় আশরাফ তার লোকজনকে নিয়ে বাড়ির পাশে রাজ্জাককে বেদম প্রহার করতে থাকে। এসময় তিনি ও তার বাবা ময়েনউদ্দিন মন্ডল বাধা দিতে গেলে প্রতিপক্ষের লাঠির আঘাতে তারা গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয় লোকজন রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে ময়েনউদ্দিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি জানান, রাজ্জাক কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফেরেন। পাংশা থানার ওসি আলমগীর হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কোনো উত্তেজনা না থাকলেও এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/০০১৮ ঘ.