২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বৈষম্য' নিরসনে বান্দরবানে গার্মেন্টে কর্মবিরতি

বেতন 'বৈষম্য' দূর করার দাবিতে বান্দরবানের মেঘলায় তৈরি পোষাক কারখানা 'লুম্বিনী স্যুয়েটার লিমিটেড' এ শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 06:27 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

বান্দরবান, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন 'বৈষম্য' দূর করার দাবিতে বান্দরবানের মেঘলায় তৈরি পোষাক কারখানা 'লুম্বিনী স্যুয়েটার লিমিটেড' এ শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। ২০১০ সালের জানুয়ারিতে বান্দরবানে প্রথম তৈরি পোশাক কারখানা চালু করে 'লুম্বিনী স্যুয়েটার'। এখানে ৪১২ জন শ্রমিক-কর্মকর্তা কাজ করে। এর মধ্যে তিন শতাধিক শ্রমিক-কর্মচারী স্থানীয়। আন্দোলনরত শ্রমিকরা জানায়, কারখানার অধিকাংশ শ্রমিকই স্থানীয়। কিছু শ্রমিককে বাইরে থেকে এনেছে মালিক পক্ষ। যারা স্থানীয় তাদের বেতন বাইরে থেকে আসা শ্রমিকদের তুলনায় অর্ধেক বলে মন্তব্য করেন শ্রমিকরা। এই বেতন বৈষম্য কমানোর দাবিতেই কর্মবিরতি শুরু করে বলে জানান শ্রমিকরা। কারখানার সিনিয়র অপারেটর জয় তঞ্চঙ্গ্যা জানান, বর্তমানে তার বেতন ৫ হাজার ৩০০ টাকা, আর বাইরে থেকে আসা অপারেটরদের বেতন ৮ হাজার টাকা। নিটিং অপারেটর গান্ধিজয় তঞ্চঙ্গ্যা জানান, তার বেতন আড়াই হাজার টাকা। একই কথা বলেন হেলপার শিপন তঞ্চঙ্গ্যাও। নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন নারী শ্রমিক জানান, একই ফ্যাক্টরিতে একই পদে সমান কাজ করেও কারো বেতন তিন থেকে সাড়ে ৫ হাজার টাকা আর কয়েকজনের বেতন ৮ হাজার টাকা। এই 'বৈষম্য' দূর করার জন্য দীর্ঘদিন ধরে শ্রমিকরা দাবি জানিয়ে আসছে। কিন্তু মালিকপক্ষ তাতে কোনো সাড়া না দেওয়ায় বাধ্য হয়েই তারা কর্মবিরতি শুরু করেছেন বলে দাবি করেন শ্রমিকরা। কারখানার প্রশাসনিক কর্মকর্তা কৌশিক দাশগুপ্ত জানান, কারখানায় কারো বেতন আট হাজার টাকা আবার একই পদে কারো বেতন পাঁচ হাজার টাকা। তিনি জানান, শ্রমিকদের কর্মবিরতি ও দাবির কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা-চট্টগ্রাম থেকে কর্তৃপক্ষ এসে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান কৌশিক। বিকেল ৩টায় ওই কারখানায় গিয়ে দেখা গেছে, সকাল থেকেই কাজ বন্ধ করে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার সামনে অবস্থান নিয়েছে। বিকেল চারটার দিকে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে পুলিশ সেখানে অবস্থান নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২৩৪৬ ঘ.