ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের খুশি করতে খালেদা জিয়া ১৫ অগাস্ট তার জন্মদিন পালন করেন।
শনিবার এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী অভিযোগ করেন, জনগণের মধ্যে ভারত-বিদ্বেষী মনোভাব তৈরি করতে বিএনপি নানা অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, "ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে আসার আগে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে-এমন তথ্য মির্জা ফখরুল ইসলাম ও গয়েশ্বর চন্দ্র রায়ের মতো নেতারা প্রচার করেছে।"
খালেদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে উল্লেখ করে কামরুল বলেন, দুদকের মামলায় অভিযোগ প্রমাণের আগে কাউকে গ্রেপ্তার করা হয় না। এই মামলার বিষয়টি নিয়েও তারা (বিএনপি) জনগণের মধ্যে ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করতে চাচ্ছে।
শুক্রবার সম্মিলিত পেশাজীবী পরিষদের এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "শুনেছি, ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের আগে বিরোধী দলের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হতে পারে। এভাবে দমন নির্যাতন চালিয়ে আপস করানো যাবে না।"
১৫ অগাস্ট বিএনপি চেয়ারপার্সন খালেদা জন্মদিন পালন প্রসঙ্গে কামরুল বলেন, "৭১ এ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, ৭৫ এ বঙ্গবন্ধুর হত্যাকারী পাকিস্তানপন্থীদের খুশি করতেই খালেদা জিয়া ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে তার জন্মদিন পালন করেন।"
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে 'প্রতিহিংসার রাজনীতি, খালেদার ভুয়া জন্মদিন, দেশবাসীর ধিক্কার' শিরোনামের এ আলোচনা সভা আয়োজন করে বঙ্গবন্ধু সংস্কৃতিক জোট ঢাকা শাখা।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের অনেক সদস্যসহ হত্যা করে একদল সেনাসদস্য। দিনটি বাংলাদেশে জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমইউএস/আরএ/২০০৫ ঘ.
bdnews24