চট্টগ্রাম, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় একটি 'চাঁদের গাড়ি' উল্টে সাত জন আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মইজ্যারটেকে ফসিল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন মাহমুদুল হক (৬০), সায়মা আক্তার (১৩), মোহাম্মদ মাসুম (২৫) ও মনিরুল হক (৩৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শান্তিরহাট থেকে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির সাত যাত্রী আহত হয়।
পুলিশ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৫৪৩ ঘ.
bdnews24