সুনামগঞ্জ, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ঝগড়ার জের ধরে দু'পক্ষের সংঘর্ষে সালাহ উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ জন।
শুক্রবার সন্ধায় উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামে এ সংঘর্ষ হয়।
এলাকাবাসী জানায়, দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে পাঠাবুকা গ্রামের দুলাল উদ্দিন ও মুত্তাকুর মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই সালাহ উদ্দিন মারা যান।
তাহিরপুর থানার ওসি গোলাম মওলা সাংবাদিকদের জানান, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে এখনো মামলা হয়নি বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১২৭ ঘ.
bdnews24