২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের 'সমঝোতায়' সুরঞ্জিতের সাধুবাদ

বিএনপি সমর্থক আইনজীবীরা 'সমঝোতার' মাধ্যমে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেওয়ায় তাদের 'সাধুবাদ' জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 11:35 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে হট্টগোলের মামলার আসামি বিএনপি সমর্থক আইনজীবীরা 'সমঝোতার' মাধ্যমে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেওয়ায় তাদের 'সাধুবাদ' জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, "অবশেষে তারা সমঝোতায় আসার মতো উদারতা দেখিয়েছেন, আমরা তাদের সাধুবাদ জানাই।" সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, আদালতে হট্টগোলের দুই মামলায় গ্রেপ্তার না হওয়া আইনজীবীরা আগামী ১৪ অগাস্ট নিু আদালতে আত্মসমর্পণ করবেন এবং হাইকোর্টে ক্ষমা চাইবেন। সমঝোতার কথা জানিয়ে তিনি বলেন, "অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে আমরা আশ্বস্ত হয়েছি, ১৪ অগাস্টের আগে আর কাউকে গ্রেপ্তার করা হবে না। গ্রেপ্তারের পর কারো জন্য রিমান্ড আবেদন বা নির্যাতন করা হবে না। তাদের নতুন কোনো মামলায়ও জড়ানো হবে না।" সংবিধান নিয়ে মুফতি ফজলুল হক আমিনীর কটূক্তি বিষয়ে একটি মামলায় গত ২ অগাস্ট হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একই ধরনের বক্তব্যের প্রসঙ্গ এলে সরকার ও বিরোধী দল সমর্থক আইনজীবীদের মধ্যে ব্যাপক হট্টগোল বাঁধে। এরপর পুলিশ বাদি হয়ে দুটি মামলা করে। 'ইসিকে সহযোগিতা করুন' আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার 'শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে' ক্ষমতা হস্তান্তর করতে চায় উল্লেখ করে আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "তাই বিএনপির প্রতি আমার আহ্বান, আপনারা নির্বাচন কমিশনকে সহযোগিতা করুন।" নির্বাচন কমিশন (ইসি) এ পর্যন্ত তিনবার সংলাপের আমন্ত্রণ জানালেও 'পক্ষপাতদুষ্টতার' অভিযোগে বিএনপি ও সমমনা দলগুলো সংলাপে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করেছে। নির্বাচনকে গণতন্ত্রের 'অন্যতম রক্ষাকবচ' উল্লেখ করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত বলেন, "একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্র রক্ষার পূর্বশর্ত। এ জন্য দরকার সবার আন্তরিক সহযোগিতা। তা না হলে অতীতের মতো আবারো দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে।" বিগত সংবিধান সংশোধন কমিটির এই কো-চেয়ারম্যান মনে করেন, তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে নিরপেক্ষ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। "অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন একটি স্বাধীন নির্বাচন কমিশন। বিশ্বের সব দেশে নির্বাচনের সব দায়িত্ব পালন করে নির্বাচন কমিশন, কোনো বিশেষ সরকার ব্যাবস্থা নয়। বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশন অন্য যে কোনো সময়ের তুলনায় স্বাধীন ও নিরপেক্ষ।" গত ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুমোদনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়। প্রধান বিরোধী দল বিএনপি বলে আসছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা না থাকলে তারা আগামী নির্বাচনে অংশ নেবে না। আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সস্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক খন্দকার ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/১৭৩০ ঘ.