২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরের আ. লীগ নেতা হানিফ শেখের মৃত্যু

নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ (৫৬) শুক্রবার প্রথম প্রহরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 05:34 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

নাটোর, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ (৫৬) শুক্রবার প্রথম প্রহরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন। রাত ১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান তার সহকর্মীরা। পেশায় আইনজীবী হানিফ শেখ নাটোর থেকে প্রকাশিত দৈনিক উত্তরবঙ্গ বার্তা পত্রিকার সম্পাদকও ছিলেন। দৈনিক উত্তরবঙ্গ বার্তার বার্তা সম্পাদক জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর পত্রিকা সম্পাদনার কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন হানিফ। তখনই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের নেওয়া হয়। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর এয়ার অ্যাম্বুলেন্সে হানিফ শেখকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু নেওয়ার আগেই মারা যান তিনি। রাতেই তার মরদেহ পত্রিকা কার্যালয়ে নিয়ে আসা হয়। হানিফ শেখের ছোট ভাই আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টায় নাটোর আইনজীবী সমিতি চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং ছাতনী স্কুল মাঠেও জানাজার নামায অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংসদ আব্দুল কুদ্দুস ও জুনায়েদ আহমেদ পলক। জানাজাশেষে বিকাল ৩টার দিকে ছাতনী পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়। হানিফ শেখ ১৯৮৪ সাল থেকে আইন পেশায় নিয়োজিত ছিলেন বলে জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি আসাদুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫২৫ ঘ.