চট্টগ্রাম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কাজীর দেউড়ি বাজার এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডি) নির্মাণাধীন একটি ভবনের সিড়ির একাংশ ধসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নির্মাণাধীন ভবনটির তৃতীয় তলার সিড়ির একাংশ আকস্মিকভাবে ধসে পড়ে।
সিডিএ'র প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিঁড়িতে এক সঙ্গে বেশি ঢালাই উপকরণ দেওয়া হয়েছিল। চাপ সইতে না পেরে ওই আংশটি ভেঙে পড়েছে।
২০১০ সালের শুরুর দিকে কাজীর দেউড়ি মোড়ে সিডিএ'র এই ১১ তলা বাণিজ্যিক ও আবাসিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়।
ঠিকাদারী প্রতিষ্ঠান হাওলাদার কনস্ট্রাকশন ভবনটির নির্মাণাদেশ পেলেও সাব কনটাক্টর হিসেবে এ কাজ করছে ইন্ট্রাকো নামে একটি প্রতিষ্ঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/২১৪৭ ঘ.
bdnews24