ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতরে মানুষের বাড়ি ফেরায় বিড়ম্বনা রোধে রাজধানীর লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন, ফেরিঘাট ও বাস টার্মিনালগুলোতে ভ্রাম্যমাণ আদালত চালু করাসহ কয়েকটি দাবি জানিয়েছে তিনটি বেসরকারি সংগঠন।
সংগঠন তিনটি ওই স্থানগুলোতে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য নিয়োগেরও দাবি জানিয়েছে।
সংগঠনগুলো হলো সিটিজেনস রাইটস মুভমেন্ট, গ্রিন ক্লাব অব বাংলাদেশ (জিসিবি) ও নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলন। বৃহস্পতিবার সকালে রাজধানীর মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।
'ঈদে ঘরমুখী মানুষের বিড়ম্বনা : সরকারের করণীয় ও আমাদের প্রত্যাশা' শিরোনামের এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান।
সংগঠন তিনটি টোকেনের মাধ্যমে লঞ্চের ফিটনেস প্রদান প্রথা বাতিল, নৌ দুর্ঘটনার জন্য দায়ী সার্ভেয়ারদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অব্যাহতি ও শাস্তি দেওয়ার দাবি জানায়।
এছাড়াও তারা যাত্রিবাহী বাস দ্রুত পারাপারের স্বার্থে ফেরি চলাচল নিরবচ্ছিন্ন রাখতে বিআইডব্লিউটিসি'র সব ফেরি ঈদের অন্তত ১০ দিন আগে থেকে সচল রাখা এবং সব ফেরি রুটের নাব্য সংকট নিরসনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ড্রেজিং সম্পন্ন করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক, জিসিবি'র সাধারণ সম্পাদক সাংবাদিক আশীষ কুমার দে, নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/১৯৫৭ ঘ.
bdnews24