নোয়াখালী, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জে গণপিটুনিতে নিহত কিশোর শামছুদ্দিন মিলনের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামে মিলনের বাড়িতে গিয়ে তার মা কহিনুর বেগমের হাতে এ টাকা তুলে দেন।
গত ২৭ জুলাই কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের রহিমার টেক এলাকায় ডাকাত সন্দেহে পিটুনিতে ছয় জন নিহত হয়। তাদের মধ্যে একজন ছিলেন শামছুদ্দিন মিলন।
কহিনুর দাবি করেছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে ডাকাত সাজিয়ে মারা হয়েছে। আহত অবস্থায় আটকের পর পুলিশ পুনরায় মিলনকে গাড়ি থেকে নামিয়ে দিলে আবার পিটুনিতে মিলন মারা যায় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় কহিনুর বেগম একটি মামলা করেছেন। মিলনকে হত্যার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার হবে বলে তাকে আশ্বস্ত করেন স্থানীয় সংসদ সদস্য কাদের।
তিনি সাংবাদিকদের বলেন, "মিলন নিহত হওয়ার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৯২০ ঘ.
bdnews24