ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাকরাইলে 'জামায়াত-শিবিরকর্মীদের' ছোড়া ইটের আঘাতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কাকরাইল এস এ পরিবহনের কাছে এ ঘটনা ঘটে।
রমনা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত-শিবির কর্মীদের জড়ো হতে সেখানে পুলিশ অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ইট নিক্ষেপ করে দৌড়ে রাস্তার ওপারে চলে যায়।
ইটের আঘাতে আহত ছয় পুলিশ সদস্যের মধ্যে পাঁচজনকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
ওসি রফিকুল বলেন, আমাদের ধারণা ওইস্থানে তারা মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিলো। ঘটনাটি এতো দ্রুত ঘটেছে যে আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের উপর ঢিল ছোড়া শুরু করে।
এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮২১ ঘ.
bdnews24