২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি এবং দোকানে মূল্য তালিকা না ঝোলানোর দায়ে চট্টগ্রামে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

চট্টগ্রাম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি এবং দোকানে মূল্য তালিকা না ঝোলানোর দায়ে চট্টগ্রামে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার প্রগতি বেকারি নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাব, মহানগর গোয়েন্দা পুলিশ ও বিএসটিআই'র কর্মকর্তারা ওই অভিযানে সহায়তা করে। যুথিকা সরকার জানান, লাইসেন্স ছাড়া ভেজাল সেমাই, পাউরুটি, বিস্কুট, চানাচুর তৈরি ও অন্য প্রতিষ্ঠানের লেবেল ব্যবহার, বাজারজাতকরণ, মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নবায়ন না করা, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করায় প্রগতি বেকারিকে জরিমানা করা হয়। এ ছাড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জোবায়ের আহমদের নেতৃত্বে নগরীর কাজীর দেউরি ও চট্টেশ্বরী এলাকায় আরেকটি ভ্রাম্যমাণ আদালত ছয়টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করে। জোবায়ের আহমেদ বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন, মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং দোকানে মূল্য তালিকা না ঝোলানোয় ওই ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এএল/১৭৫১ ঘ.