ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সাবেক মন্ত্রী শেখ আব্দুল আজিজকে হাসপাতালে দেখে এসেছেন।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আজিজ বর্তমানে জেড এইচ শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
৯২ বছর বয়সী আজিজকে ২ অগাস্ট হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার রাতে অবস্থার গুরুতর অবনতি ঘটলে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়ার ব্যবস্থা করা হয়।
বুধবার তার অবস্থার কিছুটা উন্নতি ঘটে এবং তিনি নিজেই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন বলে চিকিৎসকরা জানিয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, শেখ হাসিনা বৃহস্পতিবার দুপুরে গুলশানে শিকদার হাসপাতালে শেখ আব্দুল আজিজকে দেখতে যান। শেখ হাসিনা কিছু সময় তার শয্যা পাশে অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।
শেখ আজিজ ১৯১৯ সালে বাগেরহাটের মোরেলগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে তিনি যুক্তফ্রন্টের মনোনয়নে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭০ সালে পাকিস্তানের জাতীয় পরিষদের এবং স্বাধীনতার পর ১৯৭৩ সালে বাগেরহাট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭২৪ ঘ.
bdnews24