সিলেট, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন বলেছেন, সীমান্তে মাদক চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে দেশের ১০টি সীমান্ত চৌকিতে ডগ স্কোয়াড নিয়োজিত করা হবে।
বুধবার সিলেটে বর্ডার গার্ড ৫ ব্যাটালিয়ন আয়োজিত এক অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক বলেন, "সিলেটের তামাবিল সীমান্ত থেকে আনুষ্ঠানিকভাবে এ স্কোয়াডের কার্যক্রম শুরু হবে।"
গত ১ মে থেকে ৮ অগাস্ট পর্যন্ত উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংস করা উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ ৫ ব্যাটালিয়নের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তামাবিলে তিনটি প্রশিক্ষিত কুকুর ও ছয়জন প্রশিক্ষিত বিজিবি সদস্য দেওয়া হবে।
অনুষ্ঠান শেষে ৭৪ লাখ ৫২ হাজার ৬৬০ টাকা মূল্যের ৫ হাজার ৭৯ বোতল মদ, ১৫০ গ্রাম হেরোইন ও ১৭৬ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/২৩২৮ ঘ.
bdnews24