২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনবাজার: ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি

আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 11:50 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। এক সদস্যের এ কমিটিতে রাখা হয়েছে ঢাকার মহানগর হাকিম উৎপল চৌধুরীকে। বুধবার ঢাকার মুখ্য মহাসনগর এ কে এম এনামুল হক এ সংক্রান্ত আদেশ জারি করেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।" গত ৩ অগাস্ট পুলিশের ভূমিকা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করতে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে নির্দেশ দেয় হাইকোর্ট। ওই আদেশের পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানান মিজানুর রহমান। শবে বরাতের রাতে গত ১৮ জুলাই সাভারের আমিনবাজারের বরদেশী এলাকায় ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। সমালোচনার মুখে পুলিশ এ ঘটনায় একটি তদন্ত কমিটি করে। তবে পুলিশের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নিহতের পরিবারের সদস্যরা। তাদের আশংকা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের তদন্তে বের হয়ে নাও আসতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৬৫০ ঘ.