চট্টগ্রাম, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালককে ছুরিকাঘাত করে চট্টগ্রামে ছিনতাই হওয়া প্রাইভেট কার মঙ্গলবার ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ছয় যুবককে।
রাজধানীর পল্লবী থেকে গাড়িটি উদ্ধারের পর বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত তথ্য জানান চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) তানভীর আরাফাত।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শামীম (২৭), মো. নুর (২৫), মো. সোহেল (২৫), জামাল হাওলাদার (২৬), মো. সবুজ (২৫) ও হাফিজুর রহমান (২৭)।
এসি তানভীর জানান, গত বৃহস্পতিবার বিকেলে চালক দ্বীন ইসলামকে ছুরিকাঘাত করে প্রাইভেট কারটি ছিনতাই করে দুর্বৃত্তরা।
হালিশহর থানার ওসি মো. জাহেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, গাড়ি চালানো শেখার জন্য শামীম ও নুর প্রাইভেট কারটির চালক দ্বীন ইসলামের সঙ্গে কথা বলে। সে অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে দ্বীন ইসলামকে পোর্ট কলোনি এলাকায় ডেকে নেয় তারা। সেখানে নুরকে গাড়ি চালানো শেখানোর সময় পিছনের সিটে বসা শামীম চালকের গলায়, হাতে ও উরুতে ছুরি চালায়। এরপর গাড়ির নাম্বার প্লেট বদল করে তারা আরো কয়েকজন সহযোগীকে নিয়ে ঢাকা চলে যায়।
ওসি জাহেদুল জানান, শুক্রবার শামীমের ভাই সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে শামীম, নুর ও সোহেলকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর ও পল্লবী এলাকা থেকে জামাল, সবুজ ও হাফিজুরকে গ্রেপ্তার করা হয়। পরে পল্লবীর একটি গ্যারেজ থেকে কারটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হাফিজুর সাংবাদিকদের বলেন, গাড়িটি বিক্রি করে শামীম ও নুরকে পাঁচ লাখ টাকা দেওয়ার কথা ছিলো।
গাড়ি চালক দ্বীন ইসলামের মোবাইল এবং মানিব্যাগও উদ্ধার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/এএল/১৬৪৩ ঘ.
bdnews24