ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাসসহ বকেয়া পরিশোধ করার আহ্বান জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ।
বুধবার রাজধানীর তোপখানা রোড বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পরিষদের সমন্বয়কারী রফিকুল ইসলাম পথিক এ আহ্বান জানান।
তিনি বলেন, ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে। সামনে ঈদ, প্রতি বছরের মত এবারও শ্রমিকরা অনিশ্চয়তার মধ্যে আছে যে তারা সময়মত বেতন-বোনাস পাবে কি না?
"অসন্তোষ শুরু হলে সরকার কঠোর হাতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কথা বলে। কিন্তু অসন্তোষের কারণ যে মজুরি পরিশোধ না করা, শ্রমিক নির্যাতন, ছাঁটাই সে কথা উল্লেখ করা হয় না।"
বেতন-বোনাস নিয়ে অনিশ্চয়তা যেন উত্তেজনায় রূপ না নেয় সেজন্য সময় থাকতে প্রস্তুতি নিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস ও বকেয়া পরিশোধে কার্যকর ব্যবস্থা নিন।"
ঈদকে সামনে রেখে শ্রমিক ছাঁটাই বন্ধ, গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু ও বাজারদরের সাথে সঙ্গতি রেখে শ্রমিকের বেতন-ভাতা বাড়ানোরও দাবি জানান তিনি।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১৪ অগাস্ট সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ১৯ অগাস্ট একই স্থানে মিছিল-সমাবেশ এবং ১৬ থেকে ২০ অগাস্ট সারা দেশে বিভিন্ন শ্রমিক অঞ্চলে সভা-সমাবেশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব শামসুজ্জোহা, সদস্য তাসলিমা আখতার লিমা, যুবরান আলী জুয়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/এমআই/১৬৩৭ ঘ.
bdnews24