ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মাতুয়াইলে ছিনতাই হওয়া ৩৭ লাখ টাকা উদ্ধার কিংবা ছিনতাইকারীদের গ্রেপ্তারে তেমন কোনো অগ্রগতি হয়নি। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের চারটি দলের পাশাপাশি মাঠে রয়েছে গোয়েন্দা পুলিশ।
শিগগির জড়িতদের গ্রেপ্তারের আশা করছেন সংশ্লিষ্টরা।
সোমবার দুপুর ২টার দিকে যাত্রাবাড়ি কাঠেরপুল এলাকায় মাস্টার গার্মেন্ট অ্যান্ড ফ্যাশনের প্রধান হিসাবরক্ষক খায়রুল হোসেন চৌধুরীকে (৩৮) গুলি করে দুর্বৃত্তরা ৩৬ লাখ ৮০ হাজার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
এ ঘটনায় রাতেই একটি মামলা করেন প্রতিষ্ঠানটির পরিচালক হুমায়ন কবির।
যাত্রাবাড়ি থানার ওসি এ বি এম আবুল কাসেম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের চারটি দল ছাড়াও গোয়েন্দা পুলিশও মাঠে কাজ করছে। আশা করছি খুব শিগগির ওই চক্রটিকে ধরতে পারবো।"
তৈরি পোশাক কারখানাটির কর্মকর্তা সেলিম রেজা জানান, মতিঝিল প্রাইম ব্যাংকের প্রধান শাখা থেকে টাকা উঠিয়ে ফেরার পথে তারা ছিনতাইয়ের শিকার হন।
"৭/৮টি মটর সাইকেলে করে সন্ত্রাসীরা আমাদের গাড়ি থামিয়ে প্রথমে আমাকে শার্টের কলার টেনে গাড়ি থেকে নামায়। এরপর পেছনের আসন থেকে হুমায়ুন কবিরকেও নামায়। এ সময় টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে চাইলে খায়রুল তাদের বাধা দেন। এ কারণেই তারা তাকে গুলি করে।"
ছিনতাইকারীরা সবাই একই পোশাকে ছিলো বলেও জানান সেলিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/কেটি/এএল/১৯৫০ ঘ.
bdnews24