২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানকে ২৮ কোটি ডলার ঋণ দিচ্ছে জেপি মরগ্যান

দুটি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যানের কাছ থেকে ২৭ কোটি ৭০ লাখ ডলার ঋণ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যানের কাছ থেকে ২৭ কোটি ৭০ লাখ ডলার ঋণ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার জেপি মরগ্যানের ওয়েবসাইটে এই ঋণ অনুমোদনের কথা জানানো হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের গ্যারান্টিতে ১২ বছরের জন্য এই ঋণ দিচ্ছে তারা। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি বোয়িং থেকে ২৫০ কোটি ডলারে ১০টি উড়োজাহাজ কেনার জন্য ২০০৮ সালে একটি চুক্তি করে বিমান। এর মধ্যে বোয়িং ৭৭৭-৩০০ (ইআর) মডেলের দুটি উড়োজাহাজ চলতি বছর নভেম্বরের মধ্যে বিমানের বহরে যোগ হওয়ার কথা। জেপি মরগ্যানের ঋণের টাকায় এ দুটি বোয়িংয়ের দামের একটি বড় অংশ পরিশোধ করা হবে। এছাড়া বোয়িংয়ের সঙ্গে চুক্তির আওতায় আগামী এক দশকে আরো দুটি ৭৭৭-৩০০ (ইআর), চারটি ৭৮৭-৮ ড্রিমলাইনারস ও দুটি ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ কেনার কথা রয়েছে। বিমানের মুখপাত্র খান মোশাররফ হোসেন জানান, প্রথম দুটি উড়োজাহাজ কিনতে বিমানের খরচ পড়বে ৩০ কোটি ৪০ লাখ ডলার। এই অর্থ পরিশোধে জেপি মরগ্যান ছাড়াও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছ থেকে ৮ কোটি ডলার ঋণ নিচ্ছে বিমান। এর আগে গত বছর ১৪ ফেব্র"য়ারি বিমানের জন্য ইস্টার্ন ব্যাংকসহ ৯টি ব্যাংকের কাছ থেকে ১১ কোটি ৪৫ লাখ ডলার ঋণ নেওয়ার প্রস্তাব অনুমোদন করে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রায় দুই হাজার কোটি ডলারের সম্পদ নিয়ে ৬০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে জে পি মরগ্যান এন্ড কো.। গত বছর বাংলাদেশেও একটি অফিস খুলেছে তারা। বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকীউল ইসলাম বলেন, বিনিয়োগ ও অর্থায়নের ক্ষেত্রে জেপি মরগ্যানের 'রেকর্ড' বিবেচনায় রেখেই এই চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৪০ বছর আগে যাত্রা শুরু করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ১১টি উড়োজাহাজ থাকলেও এর মধ্যে সচল রয়েছে ৯টি। ২০০৭ সালের ২৩ জুলাই প্রায় দুই হাজার কোটি টাকার দায়সহ বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানি করে দেয় সরকার। এরপর প্রথম দুই বছরে ব্যয় কমিয়ে ২১ কোটি টাকা লাভ দেখাতে পরলেও পরের দুই বছরে আবার লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হয় রাষ্ট্রায়ত্ত এই বিমান পরিবহন সংস্থা। বিমানমন্ত্রী জিএম কাদের গত ১ জুন জাতীয় সংসদকে জানান, ২০০৯-১০ অর্থবছরে বিমান ৮০ কোটি ১৪ লাখ টাকা লোকসান করেছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২১২৫ ঘ.