সিরাজগঞ্জ, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে পাটকলের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে প্রহার ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছে।
পুলিশ জানায়, সোমবার সকালে সদর উপজেলার কালিয়া গ্রাম থেকে আব্দুল আলিম (২৫) নামের ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। সে কালিয়া কান্দাপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে।
এরশাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আট বছর আগে কালিয়া গ্রামের খালেদা খাতুনের সঙ্গে আলিমের বিয়ে হয়। বিয়ের ৩ বছর পর আলিম শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে শুরু করে। তাদের একটি শিশু কন্যা রয়েছে।
একপর্যায়ে খালেদা তার এক চাচাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গত ২৯ জুলাই খালেদা মেয়েকে নিয়ে সোহেলের সঙ্গে পালিয়ে গিয়ে পরদিন বাড়িতে ফিরে আসে। শ্বশুরবাড়ির লোকজনের অনুরোধে ঘরে তোলে আলিম।
এর দুইদিন পর খালেদা আবারো বাড়ি থেকে পালিয়ে যায়। সোহেলকে বিয়ে করে সে আলিমকে তালাক দেয়। এরপর থেকেই আলিমকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যার হুমকি দিচ্ছিলো বলে জানান এরশাদ আলী।
এ ঘটনায় আলিম নিরাপত্তা চেয়ে সোহেলসহ ৪/৫ জনের নাম উল্লেখ করে ৬ অগাস্ট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরশাদ আলী জানান, রোববার বিকালে আলিম বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেনি। সোমবার সকালে আলিমের শ্বশুরবাড়ির পাশে একটি ক্ষেতে তার লাশ পড়ে ছিলো।
এরশাদ আলীর দাবী, ৬ অগাস্ট আলিম থানায় যাদের নামে জিডি করেছে তারাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টায় লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আলিমের শ্বাশুড়ী হামিদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
আলিমের করা জিডিতে যাদের নাম রয়েছে তাদেরকেই আসামি করে এরশাদ আলী হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান এসআই সেলিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯২৩ ঘ.
bdnews24