২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মামলায় পাপিয়ার জামিন

আদালতে হট্টগোলের পর গ্রেপ্তার বিএনপির সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ তিন আইনজীবী গাড়ি পোড়ানোর অন্য একটি মামলায় জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 09:42 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে হট্টগোলের পর গ্রেপ্তার বিএনপির সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ তিন আইনজীবী গাড়ি পোড়ানোর অন্য একটি মামলায় জামিন পেয়েছেন। গত মঙ্গলবার হাইকোর্টে হট্টগোলের মামলায় বৃহস্পতিবার পাপিয়াসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের গত ৫ জুন বিএনপির হরতালের আগের দিন মগবাজারে গাড়ি পোড়ানোর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সে মামলায় সোমবার মহানগর হাকিম শাহাদত হোসেন আইনজীবী পাপিয়াকে জামিন দেন। তার সঙ্গে জামিন পান অন্য দুই আইনজীবী তৌহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক রাজনও। এ মামলার এজাহারে তিন জনের নাম না থাকায় তাদের জামিন দেওয়া হয়েছে বলে জানান এ আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শেখ ফরিদ। সংবিধান নিয়ে কটূক্তির অভিযোগে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানি হয় মঙ্গলবার। ওই শুনানিতে খালেদা জিয়ার নাম এলে আদালতে ব্যাপক হট্টগোল হয়। বিএনপিপন্থী ১৪ আইনজীবীর বিরুদ্ধে সেদিনই একটি মামলা হয়, যাতে পুলিশের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। ওই মামলায় পাপিয়াসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন শুক্রবারই করেছিলো পুলিশ। তবে প্রয়োজনীয় নথিপত্র সোমবার উপস্থাপন না করায় হাকিম শাহাদত হোসেন আগামী বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানির দিন রেখেছেন। পাশাপাশি নথিপত্র নিয়ে না আসায় তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক এমএ জলিলকে কারণ দর্শাতে বলেছে আদালত। রাষ্ট্রপক্ষ কাগজপত্র হাজির করতে না পারায় আসামি পক্ষের আইনজীবীরা আদালতে হৈ চৈ করেন। পাপিয়াসহ আসামিদের কাউকে সোমবার আদালতে আনা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৫৩৩ ঘ.