২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুর আওয়ামী লীগে সংঘর্ষ-গুলি

মাদারীপুর শহরে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যে রোববার রাত থেকে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 05:10 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

মাদারীপুর, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর শহরে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যে রোববার রাত থেকে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। পুলিশ জানায়, মাদারীপুর শহরে রোববার রাত ১১টা থেকে তিন ঘণ্টা এ সংঘর্ষ চলে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মাদারীপুর সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শনিবার সরকারি নাজিমউদ্দিন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনার জের ধরে রোববার রাতে মাদারীপুর জেলা আওয়ামী লীগের দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের এক পক্ষে ছিলেন নৌমন্ত্রী শাজাহান খানের সমর্থকরা। অন্যপক্ষে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে মাদারীপুর থানার তিন উপপরিদর্শক জোবায়ের হোসেন, সিরাজুল ইসলাম ও শ্যামল চন্দ্র আহত হন বলে ওসি জানান। এছাড়া আওয়ামী লীগের মুজাম্মের, মুন্না, শোভনসহ কমপক্ষে ২২ জন আহত হয়। ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষের সময় উভয় গ্র"পের কর্মীরা কমপক্ষে ২০ রাউন্ড গুলি ছোড়ে বলে জানান আহত উপপরিদর্শক সিরাজুল ইসলাম। ওসি মনিরুজ্জামান আরো জানান, রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সোমবার ভোর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় সোমবার সকাল পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। কোনো অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১০০ ঘ.