২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে জনশক্তি রপ্তানিতে প্রতারণার অভিযোগ তদন্তের নির্দেশ

জাপানে জনশক্তি রপ্তানির নামে প্রতারণার মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করতে জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরোকে (বিএমইটি) নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানে জনশক্তি রপ্তানির নামে প্রতারণার মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করতে জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরোকে (বিএমইটি) নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তদন্তে এই অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের (রিক্রুটিং এজেন্সি) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এসব সংস্থার জিটকো ও রিক্রুটিং এজেন্সি সনদ বাতিল করা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব জাফর আহমেদ খান রোববার সচিবালয়ে তার কার্যালয়ে এক সভা শেষে সাংবাদিকদের একথা জানান। এর আগে তিনি জাপান আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সহযোগিতা সংস্থার (জিটকো) অনুমোদিত তালিকাভুক্ত ৩৩টি জনশক্তি রপ্তানিকারক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়ে বৈঠক করেন। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বায়রা এবং আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ও অভিযুক্ত সংস্থাগুলোর প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। সভা শেষে বায়রার জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া সাংবাদিকদের কাছে এ অভিযোগ অস্বীকার করে বলেন, জাপানে জনশক্তি রপ্তানির একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় কোনো সংস্থা অনৈতিক আর্থিক লেনদেন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের সনদ বাতিলের জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে। তিনি জানান, জিটকো'র সঙ্গে সরকারের চুক্তি অনুযায়ী, জাপানে লোক পাঠানোর ক্ষেত্রে কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। জাপানি আমদানিকারকরাই এসব লোক নেবে। এক্ষেত্রে রপ্তানি প্রক্রিয়া শুরুর আগেই টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না। জাফর আহমেদ বলেন, জাপানে নিয়মিত লোক পাঠানো এবং জিটকোর মাধ্যমে লোক পাঠানো এক বিষয় নয়। জিটকোর মাধ্যমে ৬৬টি পেশায় ১২৩ ধরণের কাজের লোক প্রশিক্ষণার্থী কর্মী (টেকনিক্যাল ইন্টার্ন) পাঠানোর সুযোগ রয়েছে। কিন্তু এতে অগ্রিম টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, এ ধরণের কিছু অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ তদন্ত করতে বিএমইটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জাপানে দক্ষ কর্মী পাঠানোর জন্য সে দেশে বাংলাদেশ দূতাবাসে শ্রম শাখা কর্মকর্তা (লেবার অ্যাটাসে) নিয়োগ দেওয়া হয়েছে। আগামী মাসের মধ্যেই এ কর্মকর্তা কাজে যোগ দেবেন, তিনি বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৬৩৬ ঘ.