ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার রাতে দেড় ঘণ্টার বেশি সময় বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হয়েছে। সাবমেরিন কেবল মেরামতের কারণে এ বিঘ্ন ঘটে।
সাবমেরিন কেবল সি-মি-উই-ফোর এর পূর্বাঞ্চলীয় রিপিটার প্রতিস্থাপনের কারণে রাত ২টা ৪০ থেকে ভোর ৪টা ২০ মিনিট পর্যন্ত ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হয়।
সংযোগে বিঘ্ন ঘটতে পারে বলে শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন।
তিনি বলেন, এ সময় ভি-স্যাটের মাধ্যমে সংযোগ স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।
১৬ দেশের সাবমেরিন কেবল কনসোর্টিয়াম (জোট) সাউথ এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোরের (সি-মি-উই-ফোর) পক্ষ থেকে মাসখানেক আগে বাংলাদেশ সরকারকে জানানো হয়, কেবলের ১ দশমিক ১ সেগমেন্টের ১০৩ নম্বর রিপিটারটি বদলাতে হবে। ২০ হাজার কিলোমিটার দীর্ঘ এই কেবলের ১০৩ নম্বর রিপিটারটি রয়েছে মালয়েশিয়ার মালাক্কা ও সিঙ্গাপুরের টুয়াসের মাঝামাঝি এলাকার সাগরে। কেবলের ওই অংশটিকে বলা হয় 'সেগমেন্ট ১ দশমিক ১'।
শনিবার রাত ২টায় শুরু হওয়া এ প্রতিস্থাপন কাজ পাঁচ দিন চলবে।
মনোয়ার হোসেন এর আগে জানিযেছিলেন, ইতালির পালারমো ল্যান্ডিং স্টেশন হয়ে অন্য সেগমেন্টটি ততক্ষণে চালু হয়ে যাবে। এছাড়া চেন্নাই থেকে সিঙ্গাপুরের মধ্যে যোগাযোগ রক্ষাকারী আইটুআই কেবলের মাধ্যমে বাংলাদেশকে ব্যান্ডউইথ সরবরাহ করবে ভারতী এয়ারটেল।
"মেরামতের সময়টায় ইন্টারনেট যোগাযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলেও বাংলাদেশ বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে এমন ধারণা করার কারণ নেই।"
গত বছর একই সাবমেরিন কেবলের সংস্কার কাজের সময় ১০ ঘণ্টারও বেশি সময় ইন্টারনেট যোগাযোগের বাইরে ছিল বাংলাদেশ।
টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে একাধিক সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হওয়ার ওপর জোর দিয়ে আসছেন। নিরবচ্ছিন্ন যোগাযোগের বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ সরকারও চলতি বছর ৩১ মার্চ বেসরকারি খাতে নতুন একটি কেবলে যুক্ত হওয়ার জন্য দরপত্র ডাকে।
তবে এপর থেকেই 'অজ্ঞাত' কারণে সেই প্রক্রিয়া আটকে আছে বলে জানান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একজন কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/পিডি/০৪৩০ ঘ.
bdnews24