ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটক জামায়াত নেতাদের পক্ষে পরামর্শদানকারী ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে দেশে ঢুকতে না দেওয়ার সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার মির্জা ফখরুল বলেছেন, যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্তদের পক্ষে বিদেশি আইনজীবীকে দেশে আসতে বাধা দিয়ে সরকার এ বিচারকে প্রহসনে পরিণত করেছে।
বসনিয়া হার্জেগোভিনার যুদ্ধাপরাধ ট্র্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনকারী টবি ক্যাডম্যান এর আগেও কয়েক দফা বাংলাদেশে আসেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াত নেতাদের পক্ষে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে মামলার শুনানিতেও উপস্থিত ছিলেন তিনি।
ক্যাডম্যান এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে তাকে ভিসা দেয়নি কর্তৃপক্ষ।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে অন-অ্যারাইভাল ভিসা না দেওয়ার বিষয়ে নির্দেশনা ছিল।
মির্জা ফখরুল বলেন, "শুক্রবার বৃটিশ আইনজীবী যুদ্ধাপরাধ বিষয়ক আন্তর্জাতিক আইনজ্ঞ টবি ক্যাডম্যানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ফিরতি ফ্লাইটে পাঠিয়ে দেয় ইমিগ্রেশন বিভাগ।"
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসকদের সঙ্গে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।
পুস্পস্তবক অর্পণের সময় ড্যাবের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক ও মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা কারাগারে রয়েছেন।
তাদের পক্ষে মামলা পরিচালনার জন্য গত মাসে ক্যাডম্যানসহ কয়েকজন বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হলেও বাংলাদেশ বার কাউন্সিল তা নাকচ করে দেয়। ক্যাডম্যান বর্তমানে ওই জামায়াত নেতাদের আইনজীবীদের 'আন্তর্জাতিক পরামর্শক' হিসেবে কাজ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩১৫ ঘ.
bdnews24