সাভার, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে যুবদলের এক পক্ষের সম্মেলনে অপর পক্ষের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে সাভারের বক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র মো. রেফাত উল্লাহ'র পক্ষের কর্মীরা বক্তারপুর এলাকায় পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড যুবদলের সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুবদলের অন্য পক্ষের লোকজন এসে সেখানে হামলা চালায়।
পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহ আলম নয়ন সাংবাদিকদের জানান, সম্মেলনের শেষ মুহূর্তে পৌর কাউন্সিলর খোরশেদ আলমের পক্ষের লোকজন হামলা চালায়। আহত যুবদল নেতা আব্বাস উদ্দিন পাপ্পু, আজাহারুল ইসলাম ও সদস্য সিরাজুল ইসলামকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেয়র মো. রেফাত উল্লাহ জানান, তিনি চলে আসার পর এ ঘটনা ঘটে। হামলার জন্য তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য খোরশেদ আলমকে দায়ী করেন।
কাউন্সিলর খোরশেদ আলম বলেন, মেয়র বিতর্কিত লোক দিয়ে যুবদলের কমিটি করেছে। কমিটি অনুমোদন দেওয়ার কোনো ক্ষমতা মেয়রের নেই। কেন্দ্রীয় কমিটি থেকে এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি জানান, তার লোকজন হামলা চালিয়েছে বলে তিনি শুনেছেন। তিনি এই কমিটির বিরোধীতা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০২০ ঘ.
bdnews24