ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার এ ইফতারে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ ক্ষমতাসীন মহাজোটের শরিক দলের নেতারা, মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হলেও তিনি বা তার দলের কেউ ইফতারে অংশ নেননি।
এর আগে রাজনীতিবিদদের জন্য বিএনপি আয়োজিত ইফতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি এতে অংশ নেননি।
খালেদা-হাসিনা সর্বশেষ ২০১০ সালে সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত ইফতারে উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব এবং সাবেক রাষ্ট্রপতি বদরোদ্দোজা চৌধুরী এবং সাবেক আওয়ামী লীগ নেতা কাদের সিদ্দিকী বৃহস্পতিবার বিএনপির ইফতারেও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ইফতারে মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সভাপিতমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলু, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মাওলানা মিছবাহউর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের হাসানুল হক ইনু, মইনুদ্দীন খান বাদল, শিরিন আকতার, বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর এম এ মান্নানসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে ইফতার করেন এরশাদ, তার স্ত্রী রওশন এরশাদ, বদরুদ্দোজা চৌধুরী, হাসানুল হক ইনু, মিছবাহউর রহমান, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আমরা একই ঘরের মানুষ: কাদের সিদ্দিকী
গণভবনের মাঠে বড় আকারের শামিয়ানা টাঙিয়ে এই ইফতার আয়োজন করা হয়।
বিকাল সোয়া ৬টার কিছু পরে শেখ হাসিনা এসে পৌঁছান। তিনি ঘুরে ঘুরে প্রায় সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর, মঞ্চে দাঁড়িয়ে শেখ হাসিনা বেশ কিছু সময় মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের দু'জনকেই হাস্যোজ্জ্বল দেখাচ্ছিলো। ইফতারের পর কাদের সিদ্দিকী মঞ্চের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হলো- ইফতারের পর তা কাদের সিদ্দিকীর কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইফতারের অনুষ্ঠানে আসলাম। এখানে একটা মুসলমানের সঙ্গে আরেক মুসলমানের যে কথা হয়, সে রকম কথাই হয়েছে। আমরা একই ঘরের মানুষ। আমরা তো ভাই-বোন। বোনের সঙ্গে ভাইয়ের যে রকম কথা হয়, সে রকম কথাই হয়েছে।"
পরে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, "দেশটা ভালো চলছে না। স্বস্তির অভাব রয়েছে। এর থেকে উত্তরণে আমাদের সবার পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার।"
নতুন জোটের উদ্যোগ
সিপিবি'র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমের কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতার বিষয় জানতে চায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
তিনি বলেন, "আমাদের প্রেসিডেন্ট (মঞ্জুরুল আহসান খান) আসতে পারেননি। ওনার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী।"
তাদের দু'জনের দীর্ঘক্ষণ আলাপচারিতার বিষয়টি নিয়ে সেলিমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "আমি ওনাকে বললাম- দেশ নিয়ে আমার চিন্তার কথা। প্রধানমন্ত্রী বললেন, 'আমার কোনো দুশ্চিন্তা নেই।' আমি তাকে স্মরণ করিয়ে দিলাম বঙ্গবন্ধুও এই ধরণের কথা বলতেন।"
এরপর মুজাহিদুল ইসলাম সেলিম সাংবাদিকদের জানান, তারা দু'টি বৃহৎ জোটের বাইরে একটি স্বতন্ত্র জোট করার উদ্যোগ নিয়েছেন এবং এজন্য কাজও চলছে। সেই জোট হবে মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের ভিত্তিতে।
হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ইফতার অনুষ্ঠান কোনো রাজনৈতিক কথা বলার জায়গা নয়। তার সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় হয়েছে।
'জোটে নির্বাচন নিয়ে কথা বলার সময় আসেনি'
জোটবদ্ধ নির্বাচন বিষয়ে জানতে চাইলে বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের অপেক্ষা করার অনুরোধ জানিয়ে বলেন, "এই কথা বলার সময় এখনো আসেনি।"
এ সময় বদরুদ্দোজা চৌধুরীর পাশে দাড়িয়েছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। তার দিকে ইঙ্গিত করে বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের বলেন, "উনি কী বলেন?"
এই সময় কাদের বলেন, "ইজ্জতদার মানুষ জানে- কোথায় ইজ্জত পাওয়া যায়।"
জোট গঠন প্রসঙ্গে পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "আমরা জোট গঠনের লক্ষ্যে কারো সঙ্গে আলোচনা করছি না। ইলেকশনের এখনো অনেক দেরি। রাজনীতিতে স্থায়ী বন্ধু আর স্থায়ী শত্র" বলে কিছু নেই।"
জোটগত শক্তি বৃদ্ধির কৌশল হিসেবে চারদলীয় জোটের প্রধান দল বিএনপি অন্যান্য দলকে সঙ্গে পেতে চাইছে। দলটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে বৈঠক করেছে। এলডিপি ইতিমধ্যে বিএনপির আন্দোলনে সমর্থনও দিয়েছে।
এলডিপি-প্রধান অবরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ ও বিকল্পধারার প্রধান বদরুদ্দোজ্জা চৌধুরীদের দুজনই আগে বিএনপিতে ছিলেন। বদরুদ্দোজা বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব।
জঙ্গিবাদকে বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা হিসাবে আখ্যায়িত করে আওয়ামী লীগের এই নীতিনির্ধারক বলেন, "আমরা বিএনপি'র সঙ্গেও সমঝোতা চাই।"
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২২৪৬ ঘ.
bdnews24