কিশোরগঞ্জ, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। এর জের ধরে সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ২০ জন।
শনিবার দুপুর একটার দিকে উপজেলার পালইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দুজনকে আটক করেছে।
নিহত মানিক (৩৫) পলাইকান্দি গ্রামের আবু শহীদের ছেলে।
আটককৃতরা হলো, মানিক (২৬) ও আওয়াল (২৪)।
করিমগঞ্জ থানার ওসি এমদাদুল হক মিয়া জানান, পালইকান্দি গ্রামের সুরুজ আলীর সঙ্গে প্রতিবেশী আব্দুল হেকিমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে শনিবার আব্দুল হেকিমের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সুরুজ আলীর বাড়িতে হামলা চালায়। এই হামলায় সুরুজের নাতি মানিক নিহত হয়।
মানিকের মৃত্যুতে সুরুজ আলীর পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে হেকিমের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।
আহতদের মধ্যে বাবুল (২৫) নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া রহমত আলী (৪৫), কামনা (২৭), হাশেম (৩০), কামাল (২৬) ও হেলালকে (৩২) কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৮২৫ ঘ.
bdnews24