ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে হট্টগোলের মামলার আসামিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আশ্রয় দিয়ে সমিতির সভাপতি ফৌজদারি অপরাধ করেছেন বলে দাবি করেছে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা।
শনিবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সুজন বলেন, "আমলযোগ্য অপরাধের মামলার আসামিকে রুমে আশ্রয় দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ফৌজদারি অপরাধ করেছেন।"
গ্রেপ্তার এড়াতে বিএনপি সমর্থক আইনজীবী মোহাম্মদ আলী বৃহস্পতিবার থেকে সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেনের কক্ষে রয়েছেন। ওই মামলার আসামি সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াসহ তিন জনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়।
সংবিধান ছুড়ে ফেলার বক্তব্য নিয়ে মুফতি আমিনীর বিরুদ্ধে মামলার শুনানিতে আদালত প্রসঙ্গক্রমে খালেদা জিয়ার একই ধরনের বক্তব্য তুলে তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললে মঙ্গলবার হাইকোর্টে হট্টগোল ও আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়।
ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগ তুলে পুলিশ বিএনপি সমর্থক যে ১৪ জনের বিরুদ্ধে মামলা করে, তারই একজন মোহাম্মদ আলী বার সভাপতির কক্ষে আশ্রয় নিয়েছেন। শনিবারও তাকে ওই কক্ষে দেখা যায়।
আদালতে হট্টগোল নিয়ে দুই পক্ষের আইনজীবীদের সমঝোতার জন্য আইনজীবী সমিতির সভাপতি যে প্রস্তাব দিয়েছেন, তার জবাবে নুরুল ইসলাম বলেন, "সুপ্রিম কোর্টে চলমান ঘটনা প্রবাহ নিয়ে আইনজীবী সমিতির সভাপতি আমাদের একটি চিঠি দিয়েছেন। চিঠির শুরুতেই তিনি লিখেছেন, 'হাইকোর্টের জনৈক বিচারপতি মামলার বিষয়বস্তুর বাইরে গিয়ে বিরোধীদলীয় নেত্রী সম্পর্কে বক্তব্য দেওয়ায় আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।' সমঝোতার চিঠিতে এ ধরনের বক্তব্য অনভিপ্রেত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।"
"ওই দিনের ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং পুলিশের ওপর হামলাকারীদের বিচার সাধারণ আইনে হবে। তাদের বিষয়ে কোনো সমঝোতা নেই বা হতে পারে না", বলেন তিনি।
" সুপ্রিম কোর্টের চলমান পরিস্থিতিকে স্বাভাবিক করতে আমরা একত্রে বসতে রাজি আছি। তবে এজন্য আমলযোগ্য অপরাধের আসামিদেরকে আশ্রয় প্রশ্রয়দান বন্ধ করে আইনের হাতে তুলে দিতে হবে", যোগ করেন আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক।
আসামিদের আশ্রয় দেওয়ার জন্য আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে ক্ষমা চাইতেও বলেন তিনি।
মঙ্গলবারের ঘটনার বর্ণনা দিয়ে নুরুল ইসলাম বলেন, "সেদিন আদালতে দুই দল আইনজীবীর মধ্যে হাতাহাতি হয়নি। একপক্ষ বিশৃঙ্খলা করেছে, আমরা সেই বিশৃঙ্খলা বন্ধের চেষ্টা করেছি।"
সুপ্রিম কোর্ট এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রত্যাহারে সমিতির সভাপতি-সম্পাদকের দাবিও বিরোধিতা করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের উত্তর হলে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, সমিতির সহসভাপতি জগলুল হায়দার আফ্রিক, সাবেক সম্পাদক মাহবুব আলী, শ ম রেজাউল করিম প্রমুখ।
মাহবুব আলী বলেন, "সমিতির বর্তমান সভাপতি ও সম্পাদক যেভাবে আইনজীবী সমিতিকে ব্যবহার করেছে। যেভাবে অপরাধীদের নিজ কার্যালয়ে আশ্রয় দিচ্ছে তাতে তাদের পদত্যাগ করা উচিত।"
মোহাম্মদ আলীর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক আইনমন্ত্রী মতিন খসরু বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষ থেকে আসামি গ্রেপ্তারে আইনগত বাধা নেই। কিন্তু এরপরও এই স্থানটিকে সম্মান দেখিয়ে হয়তো পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না।
তবে এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি সমর্থিত আইনজীবী বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের বলেন, "নতুন করে কাউকে গ্রেপ্তার করা হবে না বলে আশ্বাস মিলেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৬৫০ ঘ.
bdnews24