চাঁদপুর, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় এক জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
কৈয়ারপুল সেতুর কাছে চাঁদপুর-কুমিল্লা সড়কে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জয়নাল আবেদীন (৬৫) কৈয়ারপুল এলাকার মৃত মো. জলিলের ছেলে। তিনি সেখানে বাসের জন্য অপেক্ষা করছিলেন।
হাজীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈগল নামের বাসটি কচুয়া থেকে চাঁদপুর আসছিলো। কৈয়ারপুল এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোকজনকে ধাক্কা দেয়। এরপর সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
বাসের ধাক্কায় জয়নাল ঘটনাস্থলেই মারা যায় বলে জানান তিনি। বাসটির ধাক্কায় সড়কের পাশে একটি গ্যারেজে থাকা ১০টি রিকশাও ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচ জনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাসটি পুলিশ আটক করেছে, তবে চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০০ ঘ.
bdnews24