ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন সহকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে তর্কাতর্কিতে জড়িয়েছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
শনিবার সকাল ১১টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন কর্মসূচি পালনে সংগঠনের দুটি পক্ষ জাতীয় প্রেসক্লাবের সামনে আলাদা ব্যানার ও মাইক স্থাপন করে।
এ নিয়ে উত্তেজনা ও তর্কাতর্কি বাঁধলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও ব্যারিস্টার মওদুদ আহমদ কর্মসূচিতে যোগ না দিয়ে প্রেসক্লাবের ভেতরে চলে যান।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের কক্ষে বিবদমান দুই পক্ষের নেতাদের ডাকা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুলও বৈঠকে যোগ দেন। ৪৫ মিনিট বৈঠকের পর সকাল ১১টার দিকে দুই পক্ষ একসঙ্গে মানববন্ধনে অংশ নেন।
ভেতরে বৈঠক চললেও তার আগ পর্যন্ত দুই মাইকেই বক্তব্য চলছিলো। মানববন্ধন শুরু হলে কোথায় কারা দাঁড়াবেন, তা নিয়ে উত্তেজনা দেখা যায়।
ফোরামের দুটি অংশের একটিতে নেতৃত্বে ছিলেন ঢাকা বারের সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম। অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন ঢাকা জেলা দায়রা জজ আদালতের সাবেক পিপি মহসিন মিয়া ও ঢাকা বারের বর্তমান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
ঢাকা আইনজীবী সমিতির গত নির্বাচনে সভাপতি প্রার্থী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বলেন, "দুটি ব্যানার ও মাইক থাকায় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিলো। তবে তার সমাধান হয়েছে।"
সানাউল্লাহ আলাদা ব্যানার রাখার কথা বললে ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন খোকন একটি মাইক নিয়ে বলেন, "এই মানববন্ধন কর্মসূচি কেন্দ্রীয় কমিটির আয়োজনে। এখানে অন্য কারো ব্যানার থাকতে পারে না, অন্য মাইক চলবে না। মাইক বন্ধ করুন।"
"সরকারের একটি গ্র"প আমাদের মধ্যে ঐক্য বিনষ্ট করতে এ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। জাতীয়তাবাদী আইনজীবীরা কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সংগঠিত আছে", পরে সাংবাদিকদের বলেন তিনি।
বৃষ্টির কারণে সংক্ষিপ্ত মানববন্ধনের পর সমাবেশে ফখরুল বলেন, "সুপ্রিম কোর্টে তিন আইনজীবী গ্রেপ্তারের ঘটনা নজিরবিহীন ও বেআইনি। আমরা এর নিন্দা জানাই। আইনের শাসন বিনষ্ট করতে ষড়যন্ত্র করছে। এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।"
মওদুদ ও রফিকুলও পরে মানববন্ধনে অংশ নিয়ে তিন আইনজীবী গ্রেপ্তারের নিন্দা এবং তাদের মুক্তি দাবি করেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাসির উদ্দিন, জয়নুল আবেদিন, নিতাই রায় চৌধুরীও এ কর্মসূচিতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৪০ ঘ.
bdnews24