বরিশাল, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিনের বরিশাল নগরীর দুটি কারখানায় বেতনভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শনিবার সকাল থেকে বিক্ষোভ করছে শ্রমিকরা।
বগুড়া রোডে 'অপসো স্যালাইন' কারখানায় এবং রূপাতলী এলাকায় গ্লোবাল ক্যাপসুল ফ্যাক্টরিতে শনিবার সকাল ৮টা থেকে বিক্ষোভ করছে প্রায় ৩ হাজার শ্রমিক।
সকাল ৯টার দিকে কারখানা দুুটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ভিতরে ভাংচুর চালায়। এছাড়া দুই কারখানার পাঁচ কর্মকর্তাকে মারধর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্লোবাল ক্যাপসুলের প্রডাকশান ম্যানেজার প্রবীর দাসসহ তিন কর্মকর্তাকে মারধরের পরে অবরুদ্ধ করে রেখেছে শ্রমিকরা। অপসোস্যালাইনের প্রশাসনিক কর্মকর্তা সাদেকল ইসলাম দীপুকে মারধর করে কারখানা থেকে বের করে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, প্রতিষ্ঠানের মালিক পক্ষ এসে আলোচনার মাধ্যমে দাবি-দাওয়া মেনে না নেওয়া পর্যন্ত বিক্ষোভ-আন্দোলন চলবে।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত শ্রমিকরা কারখানা দুটি সম্পূর্ণ দখল করে ভেতরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলো। বরিশালের সহকারী পুলিশ কমিশনার আসলাম খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলতে গেলেও রাজি হয়নি শ্রমিকরা।
কারখানা দুটির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২২৫ ঘ.
bdnews24