গাজীপুর, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কালিয়াকৈরের ফকিরচালা এলাকার জেডএস নিট ফেব্রিকস নামের ওই কারখানায় বুধবার গভীর রাতে এ ডাকাতি হয়।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমান বলেন, রাত ১টার দিকে ৩৫-৪০ জন সশস্ত্র ডাকাত সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢোকে। তারা নিরাপত্তাকর্মী হানিফ মিয়া, কুদ্দুস মিয়া, হাফেজ দেলোয়ার হোসেন ও মো. তৌকিরকে মুখ-হাত-পা বেঁধে কারখানার বিভিন্ন কক্ষের তালা ভাঙ্গে।
এরপর তিনলাখ নগদ টাকা, দেড় লাখ টাকার স্বাক্ষর করা চেক, ১৩ টন সুতা (মূল্য প্রায় ৪৩ লাখ ২৯ হাজার টাকা), ৫ লাখ ৭৭ হাজার ২শ' টাকা মূল্যের ফিনিস্ড ফেব্রিকস, ৭ লাখ ৫৯ হাজার টাকার নিডলসহ অন্তত দেড় কোটি টাকার মালামাল ২টি ট্রাকে ভরে নিয়ে যায়।
জিল্লুর রহমান আরো বলেন, ডাকাতরা চলে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে এটি চুরির ঘটনা বলে মন্তব্য করে।
পরদিন থানায় ডাকাতির মামলা দিতে গেলে পুলিশ তা নিতেও অস্বীকৃতি জানায় বলে তিনি দাবি করেন।
কিন্তু পুলিশ এ অভিযোগ স্বীকার করেনি।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন বলেন, "ডাকাতির ঘটনা হলে আমরা চুরির মামলা নেব কেন? ডাকাতির মামলাই নেব। তবে কারখানার কেউ শুক্রবার দুপুরেও মামলা দিতে আসেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১১ ঘ.
bdnews24