২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিশৃঙ্খলাকারী আইনজীবীদের সনদ বাতিল করা উচিত'

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, কেউ সংবিধানের অবমাননা করলে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এজলাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আইনজীবীদের আইন পেশার সনদ বাতিল করা উচিত বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, "সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষাকর্তা। সংবিধানের অবমাননা করলে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক। এর প্রতিবাদে কোনো দলের আইনজীবীরা বিচারকের প্রতি ট্রে ছুড়ে মারবে, এজলাসের সামনেই হট্টগোল ও হাতাহাতি করবে- এটা মেনে নেওয়া যায় না।" "এজলাসের সামনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এ সকল আইনজীবীর আইন ব্যবসার সনদ বাতিল করা উচিত," যোগ করেন তিনি। সংবিধান নিয়ে কটূক্তির অভিযোগে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানি হয় মঙ্গলবার। ওই শুনানিতে খালেদা জিয়ার নাম এলে আদালতে ব্যাপক হট্টগোল হয়। এজলাসে হট্টগোলের ঘটনার পরদিন বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ একটি রুল জারি করে বিরোধী দল সমর্থক ১৩ আইনজীবীকে পেশা থেকে বিরত থাকার নির্দেশ দেন। পাশাপাশি তাদের আদালতে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা দেন তিনি। হট্টগোলের ঘটনায় বিএনপিপন্থী ১৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। বিএনপির সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াসহ তিন আইনজীবীকে বৃহস্পতিবার ওই মামলায় গ্রেপ্তার করা হয়। শুক্রবার আওয়ামী তরুণ লীগ আয়োজিত আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী বলেন, "আমি নিজেও একজন আইনজীবী। আমি মনে করি এ ধরনের বিশৃঙ্খলাকারীরা আইনি পেশার কলঙ্ক। তাদের এ পেশায় থাকার কোনো অধিকার নেই।" এর আগে বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম প্রশ্ন তোলেন- মুফতি ফজলুল হক আমিনীর মামলায় খালেদা জিয়ার নাম আসল কেন। এ প্রসঙ্গে কারুল ইসলাম বলেন, "কান টানলে মাথা আসে। খালেদা ও আমিনী দুজনেই সংবিধান নিয়ে কটুক্তি করেছেন। একজন সংবিধান ছুড়ে মারতে চেেেয়ছেন, আরেকজন সংবিধান ডাস্টবিনে ছুড়ে মারতে চেয়েছেন।" তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হওয়ার পর বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের প্রধান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক অনুষ্ঠানে বলেন, আগামীতে তার দল ক্ষমতায় গেলে এই সংশোধনী ছুড়ে ফেলে দেবে। এরপর ১৪ জুলাই লালবাগে এক আলোচনা সভায় ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনী বলেন, সংশোধিত সংবিধান শুধু ছুড়ে ফেললে হবে না, একে ডাস্টবিনে ফেলে দিতে হবে। ওই বক্তব্যের জন্য আমিনীকে তলব করে হাইকোর্ট। বুধবার শুনানিতে হাইকোর্ট বেঞ্চ আমিনীর পাশাপাশি খালেদা জিয়াকেও সংবিধান নিয়ে বক্তব্যের বিষয়ে সতর্ক করে দেয়। আইন প্রতিমন্ত্রী বলেন, "এরা দেশটাকে গুণ্ডারাষ্ট্র বানাতে চাচ্ছে। এক-এগারোর মতো আরেকটি অপশক্তিকে ক্ষমতায় বসাতে চাচ্ছে। এরা নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে।" ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস সামনে রেখে আয়োজিত এ আলোচনা সভায় আওয়ামী তরুণ লীগের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মাসুদের সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদও বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/জেকে/১৮০৪ ঘ.