ঝিনাইদহ, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান এলাকায় বাস, ট্রাক ও হিউম্যান হলার'র সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হন ১২ জন।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনায় নিহত সেলিম হোসেন (৪০) ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার আগমন্দিয়া গ্রামের ইমান আলীর ছেলে।
আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা হিউম্যান হলারের (আলমসাধু) যাত্রী বলে পুলিশ জানিয়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, একটি যাত্রীবাহী হিউম্যান হলার যশোর থেকে কালীগঞ্জে আসছিল। পিছনে ছিল বাস ও ট্রাক। কেয়াবাগান এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসকে ধাক্কা দেয়। বাসটি ধাক্কা দেয় আলমসাধুকে।
পুলিশ বাস ও ট্রাক আটক করেছে। তবে উভয় যানবাহনের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮১৩ ঘ.
bdnews24