২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের প্রতি সমঝোতার আহ্বান বার সভাপতির

হাইকোর্টে হট্টগোলের মামলার তদন্ত কর্মকর্তাকে নাজেহালের ঘটনার পর পুলিশের প্রতি সমঝোতার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 11:13 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টে হট্টগোলের পর তদন্ত কর্মকর্তার ওপর হামলার ঘটনায় পুলিশের প্রতি সমঝোতার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তদন্ত কর্মকর্তাকে নাজেহালের ঘটনায় ৯ আইনজীবীর বিরুদ্ধে মামলার কথা উল্লেখ করে শুক্রবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, "আপনারা আসুন। আমাদের সঙ্গে বসুন সমঝোতার ভিত্তিতে সম্মানজনকভাবে মিমাংসা করা হবে।" "আইন-শৃঙ্খলা বাহিনীসহ সবাইকে বলে দিতে চাই, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমিতির কোনো সদস্য কারো সঙ্গে দুর্ব্যবহার করে থাকলে আমরা অবশ্যই তা দেখবো। পেশাগত দায়িত্বের খাতিরে পুলিশ এখানে আসে। তাদের সঙ্গে আমাদের যে সুসম্পর্ক আছে, তা নষ্ট হোক- তা আমরা চাই না," যোগ করেন তিনি। সংবিধান নিয়ে কটূক্তির অভিযোগে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানি হয় মঙ্গলবার। ওই শুনানিতে খালেদা জিয়ার নাম এলে আদালতে ব্যাপক হট্টগোল হয়। বিএনপিপন্থী ১৪ আইনজীবীর বিরুদ্ধে সেদিনই মামলা করে পুলিশ। বিএনপির সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াসহ তিন আইনজীবীকে বৃহস্পতিবার ওই মামলায় গ্রেপ্তার করা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক এস এম জলিলের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে তিনি মামলার তদন্তের কাজে হাইকোর্টের এনেক্স ভবনে গেলে বিরোধী দল সমর্থক আইনজীবীরা তাকে নাজেহাল করেন। এ ঘটনায় রাতেই হত্যাচেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৯ আইনজীবীসহ ১৯ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেন জলিল। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব শুক্রবার সংবাদ সম্মেললনে বলেন, "আমরা ডিবি অফিসে গিয়েছিলাম। আমাদের ঢুকতে দেওয়া হয়নি। গ্রেপ্তারকৃত আইনজীবীরা কে কোথায় কীভাবে আছে। আমরা তা জানি না।" তিনি অভিযোগ করেন, "এক আইনজীবী রোজার দিনে সেহরি-ইফতার না খেয়ে গতকাল বৃহস্পতিবার থেকে আমার কক্ষে বসে আছেন। তাকে হুমকি দেওয়া হচ্ছে, বের হলেই গ্রেপ্তার করা হবে।" সমঝোতায় না এসে 'হামলা-মামলা' করলে পরিণতি ভালো হবে না বলেও পুলিশকে হুঁশিয়ার করেন তিনি। "আর যদি সরকারের ক্ষমতার সুযোগ নিয়ে অহমিকা দেখান। মামলা-হামলা করেন। তাহলে জেনে রাখুন, এর পরিণাম ভালো হবে না। এর প্রতিক্রিয়া সারা দেশের জনগণের মাঝে ছড়িয়ে পড়বে।" ১৩ আইনজীবীকে পেশা থেকে বিরত থাকার বিষয়ে আদালতের নির্দেশনা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, "জনৈক বিচারপতির আচরণের কারণে সুপ্রিম কোর্টের আইনজীবীরা ক্ষুব্ধ। তিনি বিএনপি সরকারের আমলে বাদ পড়া ১১ জন বিচারপতির একজন। এ কারণে ওই বিচারপতির মনের জ্বালা এখানো কমেনি।" এজলাসে হট্টগোলের ঘটনার পরদিন বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ একটি রুল জারি করে বিরোধী দল সমর্থক ১৩ আইনজীবীকে পেশা থেকে বিরত থাকার নির্দেশ দেন। পাশাপাশি তাদের আদালতে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা দেন। এর সমালোচনা করে খন্দকার মাহবুব বলেন, "তিনি বিচারকের চেয়ারে বসে রাজনীতিকের ভূমিকা পালন করছেন।" সুপ্রিম কোর্ট ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে প্রধান বিচারপতির অনুমোদনক্রমে রেজিস্ট্রার মামলা করতে পারেন। "আর সরকার যদি মনে করে, সুপ্রিম কোর্টকে একটা জেলখানায় পরিণত করবে। তাহলে আমরাও প্রস্তুত আছি।" মাহবুব বলেন, "আইনজীবীদের জামিনের জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করতে আমরা প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করেছি।" অন্যদের মধ্যে আইনজীবী সমিতির সম্পাদক ব্যরিস্টার মো. বদরুদ্দোজা বাদল ও সাবেক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদীন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমইউএস/জেকে/১৭০৮ ঘ.