২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে আহত আরো এক স্কুলছাত্রের মৃত্যু

মিরসরাইয়ে ছোট ট্রাক দুর্ঘটনায় আহত আরও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

চট্টগ্রাম, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে ছোট ট্রাক দুর্ঘটনায় আহত আরও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। কাজল নাথ নামের ওই স্কুলছাত্র ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১১টায় মারা যায়। কাজল চট্টগ্রাম নগরীর সেন্টার পয়েন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অবস্থার অবনতির পর তাকে ঢাকায় আনা হয়। ১২ নং মায়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। গত ১১ জুলাই দুপুরে মিরসরাই উপজেলার বড়তাকিয়া-আবু তোরাব বাজার সংযোগ সড়কের সৈদালী নামক স্থানে স্কুল ছাত্রদের বহনকারী একটি ছোট ট্রাক পার্শ্ববর্তী ডোবায় উল্টে গিয়ে ৩৭ স্কুলছাত্রের মৃত্যু হয়। পরবর্তীতে আহত অবস্থায় নগরীর সেন্টার পয়েন্ট হাসপাতালে চিকিৎসাধীন আরেক স্কুলছাত্রের মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনায় আরো দুজন নিহত হন। এ নিয়ে মিরসরাই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১-এ। এর মধ্যে ৩৯ জন স্কুল ছাত্র। মিরসরাই থানার ওসি ইফতেখার হাসানও কাজলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কাজল নাথ মিরসরাই উপজেলার মধ্যম মায়ানি গ্রামের শিবু নাথের ছেলে। কাজল আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। সে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছিল। এদের অধিকাংশই আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা মিরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে ফিরছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১১৭ ঘ.