২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিফট ছিঁড়ে মৃত্যু: পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

রাজধানীর কাকরাইলে একটি নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় তাদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাকরাইলে একটি নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় তাদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে বলেছে হাইকোর্ট। পাশাপাশি ভবনটি নির্মাণের দায়িত্বে থাকা বিল্ডিং ফর ফিউচার লিমিটেডকে ১৪ দিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়। ২১ জুলাই কাকরাইলে আইরিশ নূরজাহান টাওয়ারে লিফট ছিঁড়ে চার শ্রমিকের মৃত্যু হয়। ওই লিফট দুর্ঘটনা এবং পান্থপথে ভবনের উপর থেকে ইট পড়ে ছাত্র মৃত্যুর ঘটনায় নির্মাণাধীন ভবনে নিরাপত্তা ও তদারকির বিষয়ে ব্যাখ্যা দিতে রাজউকের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের তলব করে হাইকোর্ট। তাদের উপস্থিতিতে বৃহস্পতিবার শুনানিতে আদালত বলে, ক্ষতিপূরণের টাকা দেওয়ার মাধ্যমে তারা ওই ঘটনায় দায়ের হওয়া মামলা থেকে অব্যাহতি পাবেন না। বরং ক্ষতিপূরণ হিসাবে এই টাকা দেওয়ার পাশাপাশি ওই মামলা তাদের মোকাবিলা করতে হবে। বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভিরুল হক প্রবালের আইনজীবী মেহেদি হাসান চৌধুরী এ সময় বলেন, ইতোমধ্যে ওই শ্রমিকদের পরিবারকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এ সময় আদালত বলে, কিছু দিয়ে থাকলে বাকিটাও দিতে হবে। লিফট দুর্ঘটনায় নিহতরা হলেন মো. জাহিদুল (২৪), আবদুর রহমান (২০), রুবেল (২০) ও দেলোয়ার (২০)। এর আগে ২৪ জুলাই এ বিষয়ে একটি রুল দেয় হাইকোর্ট। এতে বলা হয়, লিফট ছেঁড়ার ঘটনায় মামলার আলামত নষ্ট করার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, আদালতকে তা জানতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৭৩৮ ঘ.