২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি-বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর

রমজানের শুরুতে জনঅসন্তোষের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও পানি ব্যবহারে নাগরিকদের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 09:27 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- রমজানের শুরুতে জনঅসন্তোষের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও পানি ব্যবহারে নাগরিকদের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিদ্যুৎ ও পানি অপচয়ের বিলাসিতা দেখানো ঠিক হবে না। প্রধানমন্ত্রী কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যত পরিকল্পনা ও কর্মকৌশল উপস্থাপন অনুষ্ঠানে হাসিনা একথা বলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান। সেহেরি ও ইফতারের সময়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকার কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গত বছর রোজার সময়েও বিভিন্ন এলাকায় একই ধরনের সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তখন দায়িত্বে অবহেলার জন্য কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিলো। এবারও সে ধরনের ব্যবস্থা নেওয়া হবে। রমজানে বিদ্যুতের দাম না বাড়াতেও সংশ্লিষ্টদের পরামর্শ দেন তিনি। হাসিনা বলেন, বিদ্যুতের কারণে নাগরিক দুর্ভোগের জন্য বর্তমান সরকার মোটেই দায়ী নয়। বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বর্তমানে প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বর্তমানে বিদ্যুতের চাহিদা ৭ হাজার মেগাওয়াট। আর এখন উৎপাদন হচ্ছে ৫ হাজার ৫২ মেগাওয়াট। প্রধানমন্ত্রী বলেন, "এখনো ২ হাজার মেগাওয়াট ঘাটতি পূরণ করতে হবে। এজন্য সবাইকে সাশ্রয়ী হতে হবে।" বিদ্যুৎ খাতে গত অর্থবছরে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছিলো বলেও জানান তিনি। এর আগে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নীল ওয়াকার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন। এ সময় তৃণমূল পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়ন এবং পার্বত্য শান্তি চুক্তির বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা ছাড়াই এসব চুক্তি স্বাক্ষরের বিষয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, চুক্তি স্বাক্ষরের পরই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি অস্ত্র সমর্পণ করে এবং তাদের পুনর্বাসিত করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন করে যাচ্ছে। ওই এলাকায় একটি বিশ্ববিদ্যালয়ও স্থাপন করা হবে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী, বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন ও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৬৫০ ঘ.