২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী খননের সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি

নদীখননের মহাপরিকল্পনা (ক্যাপিটাল ড্রেজিং) বাস্তবায়নে সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) প্রতিবেদন প্রণয়নের কাজ শুরু করতে একটি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 07:01 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদীখননের মহাপরিকল্পনা (ক্যাপিটাল ড্রেজিং) বাস্তবায়নে সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) প্রতিবেদন প্রণয়নের কাজ শুরু করতে একটি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবো'র মতিঝিলে প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এ চুক্তি স্বাক্ষর হয়। পাউবো সচিব অসীত কুমার দাস এবং কনসোর্টিয়ামের প্রতিনিধি আব্দুল মজিদ চৌধুরী এ চুক্তিতে সই করেন। প্রায় ২৮ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে দুই বছরের মধ্যে এ সমীক্ষা প্রণয়নের কাজ শেষ হবে। এর মধ্যে শুধু সমীক্ষা খাতেই ব্যয় হবে ১৯ কোটি ৫৭ লাখ ১৯ হাজার টাকা। দেশি ও বিদেশি ছয়টি পরামর্শক প্রতিষ্ঠানের সমন্বয়ে এ কনসোর্টিয়াম গঠিত হয়েছে। সমীক্ষা প্রণয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কনসোর্টিয়ামে রয়েছে- জেভি অব সিইএস-ডিএমএএস-ডিএইচআই-বিইটিএস-ইপিসি-ডেভকন। এ প্রকল্পের পরিচালক জ্যোতি দাস কুণ্ড সাংবাদিকদের জানান, আগামী দুই বছরের মধ্যে এ সমীক্ষার কাজ শেষ করা হবে। এরপরই নদী খননের মহাপরিকল্পনা (ক্যাপিটাল ড্রেজিং) বাস্তবায়ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ সমীক্ষার প্রতিবেদনের আলোকেই পরিকল্পনাটি চূড়ান্ত করা হবে। এ সময়ের মধ্যে প্রায় ১ হাজার ২৮ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে একটি পাইলট প্রকল্পের আওতায় টাঙ্গাইলে যমুনা নদী খননের কাজ করা হবে। এ প্রকল্পের আওতায় ২২ কিলোমিটার নদী খনন করা হবে। এর মধ্যে প্রায় ২ কিলোমিটার খননের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বর্ষার জন্য এ কাজ বন্ধ রাখা হয়েছে বলে পাউবো কর্মকর্তারা জানান। বাকি ২০ কিলোমিটারের জন্য দুটি পর্যায়ে দরপত্র আহ্বান করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১২৫৫ ঘ.