২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পুনরায় বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন বাগেরহাটের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 04:31 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

বাগেরহাট, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনরায় বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন বাগেরহাটের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। বুধবার দুপুরে বাগেরহাট মডেল থানায় এ মামলাটি দায়ের করা হয়। ওইদিন দুপুরেই জেলা সদর হাসপাতালে শিক্ষিকার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয় বলে পুলিশ জানিয়েছে। মামলার আসামিরা হলেন ওই শিক্ষকার স্বামী বাগেরহাট বিচারিক হাকিম আদালতের প্রসেস সার্ভেয়ার ও সদর উপজেলার বেমরতা গ্রামের মোল্লা মিজানুর রহমান মুকুল, তার বাবা শাহাবুদ্দিন মোল্লা, তিন বোন রাশিদা খাতুন, শরীফা খাতুন ও নিলুফা খাতুন এবং নিলুফার স্বামী জাহাঙ্গীর হোসেন। মামলার বাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৪ সালে মিজানের সঙ্গে তার বিয়ে হয়। এর কিছুদিন পর থেকেই তাদের মধ্যে মনোমালিন্য শুরু হলে মিজান তাকে পিরোজপুরে বাবার বাড়ি পাঠিয়ে দেন। ২০০৬ সালে তাদের একটি ছেলে হয়। এক পর্যায়ে বাদী স্বামীর বিরুদ্ধে পিরোজপুর আদালতে খোরপোষ ও ভরণপোষণের মামলা করেন। ওই মামলাটি এখনো বিচারাধীন রয়েছে। ছেলের দেড় বছর বয়সের সময় ২০০৮ সালের ১৯ জুলাই মিজান ওই শিক্ষিকাকে তালাক দেন। শিক্ষিকা বলেন, গত ২৫ জুলাই মিজান তার বাবার বাড়ি গিয়ে তাকে পুনরায় স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সন্তানসহ বাগেরহাটের বেমরতা গ্রামের বাড়ি নিয়ে যান। বাড়িতে ওইদিন তার শ্বশুর-শাশুড়ি ও ননদরা ছিলেন। নতুন করে বিয়ের কোনো আনুষ্ঠানিকতা আর হয়নি। তাদের বাড়িতে দুই রাত কাটানোর সময় তিনি ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন। তিনি আরো বলেন, ২৭ জুলাই মিজান অফিসের কাজের কথা বলে ঢাকায় চলে যান। ২৯ জুলাই মিজানের বাবা-মা-তিন বোন ও এক ভগ্নিপতি তাকে ওই বাড়ি থেকে বের করে দেয়। এ ব্যাপারে মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার বছর আগে স্ত্রীর সঙ্গে তার তালাক হয়। এ ঘটনায় পিরোজপুর পারিবারিক আদালতে একটি মামলা চলছে। তিনি দাবি করেন, তালাকের পর থেকে সাবেক স্ত্রীর (মামলার বাদী) সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। গত ২৫ জুলাই থেকে তিনি দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করছেন। বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ জানান, বাদীর অভিযোগ তদন্ত করা হচ্ছে। বুধবার তার ডাক্তারী পরীক্ষা হয়েছে। এখনো কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২২৫ ঘ.