শরীয়তপুর, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচিত হয়ে শপথ গ্রহণ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার এক ইউপি সদস্য।
শরীয়তপুর সদর উপজেলার বাঘিয়া গ্রামে বুধবার দুপুরে এ হমলা হয়।
আহত হয়েছেন নড়িয়ার নশাসন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদল সভাপতি জালাল হাওলাদার। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শরীয়তপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শম্ভু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে নড়িয়া উপজেলা পরিষদে শপথ গ্রহণ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাঘিয়া গ্রামে তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।
শরীয়তপুর সদর থানার ওসি রবিউল আলম জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ না আসায় মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
শরীয়তপুর সদর হাসপাতালের সহকারী সার্জন শামীনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জালালের আঘাত গুরুতর। তবে এখন আশঙ্কামুক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২১৫৫ ঘ.
bdnews24